
দৈনিক কালান্তর
প্রকাশিত: বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত ও বোতলজাত ১ হাজার ৪২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার। অভিযানে বিএসটিআই চট্টগ্রাম বিভাগের কর্মকর্তা প্রকৌশলী মো. আবদুর রহিম, পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার এবং র্যাব কর্মকর্তা সাইফুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযানে বায়েজীদ এলাকার গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত ‘আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং’ নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়াই ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহারের অভিযোগও ওঠে। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় প্রতিষ্ঠানটি থেকে প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, আনুমানিক ১০ হাজার পিস মোড়ক এবং বিপুল পরিমাণ খালি বোতল জব্দ করে বায়েজীদ থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়।
অন্যদিকে খুলশীর দুই নম্বর গেট এলাকায় অবস্থিত ‘মাবিয়া স্টোরে’ সরকারি লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম সয়াবিন তেল মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ‘খাজা স্টোরে’ লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার বলেন, অবৈধভাবে তেল মজুত ও বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।