লিগ্যাল এইড সেবা পৌঁছে দিতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

দৈনিক কালান্তর
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুল হালিম।

বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। তাদের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে বিচারপ্রার্থীদের দ্রুত ও বিনা খরচে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে।

সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুব্রত দাশের সঞ্চালনায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক রূপন কুমার দাশসহ বিভিন্ন বিচার বিভাগীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, পুলিশ বিভাগের কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, পাবলিক প্রসিকিউটর, এনজিও প্রতিনিধি এবং লিগ্যাল এইড প্যানেল আইনজীবীরাও অংশ নেন।

সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিষয়ে ইন্টার্নশিপ সম্পন্ন করা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ যথাযথভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *