কুমিল্লা প্রতিনিধি, জনপদের খবর: বৈশ্বিকভাবে ৩০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়ে বসবাস করছেন এবং প্রতিবছর এই রোগে প্রাণ হারাচ্ছেন ১৩ লাখ মানুষ। বাংলাদেশে একসময় প্রতি ১২ জনের মধ্যে একজন এই সংক্রমণে ভুগলেও সাম্প্রতিক সময়ে হার কিছুটা কমেছে। তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই নিজের অসুস্থতা সম্পর্কে অবগত নন। যথাযথ স্ক্রিনিংয়ের ঘাটতি, সচেতনতার অভাব এবং সমাজে প্রচলিত কুসংস্কারের কারণে অনেকেই চিকিৎসা নিচ্ছেন না; তাই প্রচলিত এসব ভ্রান্ত ধারণা দূর করা জরুরি।
বিনামূল্যে পরীক্ষা, চিকিৎসা ও বইয়ের মোড়ক উন্মোচন বুধবার (১৮ নভেম্বর) কুমিল্লায় বিশ্ব হেপাটাইটিস শনাক্তকরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় চিকিৎসক ও বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা লিভার ক্লাবের উদ্যোগে কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজন চলাকালে অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং ও স্বল্পমূল্যে টিকাদানের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি রোগীদের বিনা খরচে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মো. ফরহাদ আবেদীনের রচিত ‘লিভার রোগীদের খাদ্য ও চিকিৎসা সহায়িকা’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়। সরাসরি প্রশ্নোত্তর পর্বে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে নিজেদের শারীরিক অবস্থা ও করণীয় সম্পর্কে পরামর্শ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান রইস আবদুর রব, কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ ইজাজুল হক, সাধারণ সম্পাদক ডা. মো. ফরহাদ আবেদীন, নির্বাহী কমিটির সদস্য ডা. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি লুৎফুর বারী চৌধুরী হিরু, ট্রেজারার আবদুল হালিম, নির্বাহী কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম ও সামছুজ্জামান মানিকসহ অন্যরা। সভায় সেবাগ্রহীতা শারমিন আক্তার মজুমদার, আবদুল অদুদ ও আবদুর রব জানান, লিভার ক্লাবের নিয়মিত সেবায় তাঁরা উপকৃত হচ্ছেন এবং উপসর্গ গুরুতর না হওয়া পর্যন্ত অনেকের রোগ শনাক্ত হয় না; ফলে এমন উদ্যোগ স্বল্প আয়ের মানুষের জন্য বড় সহায়তা।
জটিলতার আগেই চিকিৎসার আওতায় আনার আহ্বান কুমিল্লা লিভার ক্লাবের সভাপতি প্রফেসর ডা. মোহাম্মদ ইজাজুল হক জানান, সংগঠনটি ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের অন্তর্ভুক্ত হয়ে রোগ শনাক্তকরণ ও নিরাময়ে কাজ করছে। এই আয়োজনে নিবন্ধিত রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে পরীক্ষা-নিরীক্ষার আওতায় আনা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বিশ্বজুড়ে ৩০ কোটির বেশি মানুষ হেপাটাইটিস বিতে আক্রান্ত হলেও ৯০ শতাংশ রোগী তা না জেনেই চিকিৎসার বাইরে রয়ে যাচ্ছেন। রোগীরা যখন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো মারাত্মক জটিলতা নিয়ে উপস্থিত হন, তখন অনেক ক্ষেত্রে আর কার্যকর চিকিৎসা থাকে না; তাই শুরুতেই শনাক্ত করে চিকিৎসার আওতায় আনা প্রয়োজন।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে বিশ্বকে হেপাটাইটিসমুক্ত করার লক্ষ্য নিয়ে ২০১৭ সালের ২০ জুলাই কুমিল্লা লিভার ক্লাব প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠনটি ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে লিভারের স্বাস্থ্যঝুঁকি বিষয়ে জনসচেতনতা তৈরি করে আসছে।
তথ্যসূত্র: কুমিল্লা প্রতিনিধি / অনলাইন ডেস্ক




















