জনপদের খবর ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত ব্যয়ের মধ্যে সরকারি নিজস্ব তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা সংস্থান করা হবে।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান এসব প্রকল্পের অনুমোদন দেন। অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন প্রকল্প, চারটি সংশোধিত প্রকল্প এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
স্বাস্থ্য ও অবকাঠামো খাতের অনুমোদিত প্রকল্প অনুমোদিত প্রকল্পগুলোর তালিকায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প, যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ প্রকল্প এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প অনুমোদন পেয়েছে।
পাশাপাশি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে।
অবহিত করা সাত প্রকল্পের তালিকা সভায় পরিকল্পনামন্ত্রী পূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের সাতটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন। প্রকল্পগুলো হলো:
- চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন উন্নয়ন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প
- ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি)
- কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প
- ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প
- বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প
- ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ (ভিআরসি, বি) শক্তিশালীকরণ প্রকল্প
- টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, ভান্ডারিয়া, পিরোজপুর স্থাপন প্রকল্প
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক




















