পাবনা প্রতিনিধি, জনপদের খবর: দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় এবার পেঁয়াজের বাজারে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বছরের এই সময়ে সাধারণত বাজারে পেঁয়াজের দাম উর্ধ্বমুখী থাকার কথা থাকলেও, এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। ঘরে থাকা পুরনো পেঁয়াজের অতিরিক্ত সরবরাহ এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার আগমুহূর্তে দরপতন ঘটায় চরম লোকসানের মুখে পড়েছেন জেলার চাষি ও ব্যবসায়ীরা। সংকটকালের আশায় কষ্ট করে মজুত করা পেঁয়াজ এখন নামমাত্র মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
মণে হাজার টাকার ঘরে পেঁয়াজ স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরগুলোতে সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের এই অন্তর্বর্তীকালীন সময়ে প্রতি মণ পেঁয়াজ ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হয়েছিল। অথচ বর্তমানে সেই পেঁয়াজের বাজারদর নেমে এসেছে মাত্র ৯০০ থেকে ১,২০০ টাকায়।
সম্প্রতি জেলার পেঁয়াজের প্রধান হাট সুজানগর, সাঁথিয়ার বনগ্রাম ও সদর উপজেলার হাজিরহাট ঘুরে কৃষকদের হতাশার চিত্র দেখা গেছে। বনগ্রাম বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা সাঁথিয়ার কৃষক আলমগীর হোসেন জানান, ৫ মণ পেঁয়াজ হাটে এনে তাকে বিক্রি করতে হয়েছে মাত্র ১১০০ টাকা মণ দরে। অথচ এই পেঁয়াজ চাষ ও দীর্ঘ ছয় মাস ধরে সংরক্ষণে তার মণে খরচ হয়েছিল প্রায় ৮ হাজার টাকা। সুজানগরের মধুপুর গ্রামের শফিকুল ইসলাম জানান, বাজারদর ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যে ওঠানামা করায় কৃষকরা তাদের উৎপাদন খরচ ও শ্রমের ন্যায্যমূল্য কোনোটাই পাচ্ছেন না।
ঋণগ্রস্ত কৃষক ও নতুন পেঁয়াজের শঙ্কা কৃষকদের বড় অংশই চড়া সুদে ঋণ নিয়ে এবং নানা ধকল সয়ে এই আশ্বিন-কার্তিক মাসের সংকটকালে বিক্রির জন্য পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। উৎপাদন ব্যয়ের সঙ্গে দীর্ঘ ছয় মাসের সংরক্ষণ খরচ এবং পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাওয়ার কারণে প্রতি মণে তাদের বিনিয়োগের পরিমাণ অনেক বেড়ে যায়। এখন হাটে এনে সেই খরচের এক-তৃতীয়াংশ টাকাও ঘরে তুলতে পারছেন না তারা।
কৃষক আবুল মোল্লা জানান, আর মাত্র ২০ থেকে ২৫ দিন পর বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠতে শুরু করবে। অথচ এখনো পুরনো পেঁয়াজের মজুত ফুরোয়নি। বর্তমানে ঘরে যে পরিমাণ পেঁয়াজ রয়েছে, তা দিয়ে আরও অন্তত ২ মাস চলা সম্ভব। এই অবস্থায় নতুন পেঁয়াজ পুরোদমে বাজারে এলে দাম হয়তো মণপ্রতি ৬০০-৭০০ টাকায় নেমে যাবে, যা ঘটলে চাষিদের পুঁজি হারিয়ে পথে বসতে হবে।
উদ্বৃত্ত উৎপাদনই মূল কারণ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যা জেলার নিজস্ব চাহিদার চেয়ে ৪ লাখ টন বেশি। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত কৃষকদের ঘর এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগারে প্রায় ১ লাখ টন পেঁয়াজ মজুত ছিল।
চাহিদার চেয়ে এই বিপুল উদ্বৃত্ত উৎপাদনকেই বর্তমান দরপতনের মূল কারণ হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ভবিষ্যতে চাষিদের এই ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষা করতে পেঁয়াজ রপ্তানিমুখী করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। কৃষকদের বাঁচাতে অবিলম্বে বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তিনি জোর দেন।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক




















