পঞ্চগড় প্রতিনিধি, জনপদের খবর: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে বেশ জোরেশোরেই নামতে শুরু করেছে শীত। রাতভর কনকনে ঠান্ডা আর ভোরের দিকে চারপাশ ঢেকে যাচ্ছে ঘন কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর কিছুটা সরলেও কাটছে না শীতের আমেজ। এরই ধারাবাহিকতায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
মেঘলা আকাশ ও হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গতকাল বিকেল থেকেই আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। আজ সকালে সূর্যের দেখা মিললেও মেঘের আড়ালে বারবার ঢাকা পড়ে যাচ্ছে রোদ। ফলে ভূপৃষ্ঠে পর্যাপ্ত তাপ না পৌঁছানোয় এবং হিমেল হাওয়া বইতে থাকায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে।
বিপাকে শ্রমজীবী মানুষ, আরও শীত বাড়ার আভাস রাত থেকে সকাল পর্যন্ত অব্যাহত থাকা এই ঠান্ডায় সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরায় স্থবিরতা দেখা দিয়েছে। গরম কাপড় ছাড়া ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ভোরবেলা জীবিকার তাগিদে বের হওয়া কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের সবজি চাষি আলিম উদ্দিন জানান, সকালে কুয়াশা কিছুটা কম থাকলেও মেঘলা আকাশ ও ঠান্ডা বাতাসের কারণে রোদের তেজ পাওয়া যাচ্ছে না, ফলে খেতে কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। অন্যদিকে তেঁতুলিয়ার বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, নিয়মিত প্রাতঃভ্রমণে বের হলেও গরম কাপড় পরেও হিমেল বাতাসে মনে হচ্ছে যেন বরফের কাছাকাছি দাঁড়িয়ে আছি।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয় থেকে ধেয়ে আসা ঠান্ডা বাতাস এবং মেঘলা আকাশের কারণে সূর্যের তাপ মাটিতে পৌঁছাতে পারছে না, তাই শীত বেশি অনুভূত হচ্ছে। চলতি মাসের শেষ ভাগে শীতের প্রকোপ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তথ্যসূত্র: পঞ্চগড় প্রতিনিধি / অনলাইন ডেস্ক




















