জনপদের খবর ডেস্ক: ব্রিটিশ বিমান চলাচল বিষয়ক সাময়িকী ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’-এর সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ৩৬টি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান থাকলেও বর্তমানে সক্রিয় বহরে তা কমে ৩২টিতে দাঁড়িয়েছে। প্রকাশিত এই পরিসংখ্যান ওই সংঘাতে ভারতের একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে পাকিস্তানের দাবিকে আরও জোরালো করেছে বলে মনে করা হচ্ছে।
রাফাল চুক্তি ও যুদ্ধবিমানের সক্ষমতা বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর বার্ষিক তথ্যভাণ্ডার হিসেবে পরিচিত ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় বহরে ৩২টি রাফাল থাকার বিষয়টি উল্লেখ করেছে। ফরাসি ভাষায় ‘রাফাল’ শব্দের অর্থ দমকা হাওয়া। ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি এই দুই ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান বহুমুখী অভিযানে সক্ষম, যার মধ্যে গভীর অভ্যন্তরে হামলা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি ও জাহাজ বিধ্বংসী অভিযান অন্তর্ভুক্ত। অতীতে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ার পর সর্বশেষ ভারত-পাকিস্তান সংঘাতেও এই যুদ্ধবিমান ব্যবহৃত হয়েছে।
ভারত ২০১৬ সালে ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে প্রায় ৮৮০ কোটি ডলারের চুক্তিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহ করেছিল। সাম্প্রতিক সময়ে দেশটি আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার নতুন ক্রয়াদেশও দিয়েছে।
মে মাসের সংঘাত, পাল্টাপাল্টি দাবি ও আন্তর্জাতিক মন্তব্য ২০২৫ সালের মে মাসে অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারত কোনো প্রমাণ ছাড়াই ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুললেও ইসলামাবাদ তা অস্বীকার করে এবং ভারতের বক্তব্যকে ‘বানোয়াট তথ্যে ভরপুর’ বলে প্রত্যাখ্যান করে। চার দিনব্যাপী ওই সংঘাতে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, কামান ও ড্রোন ব্যবহৃত হয়, যেখানে প্রাণহানির ঘটনা ঘটে এবং পাল্টাপাল্টি বিমানঘাঁটি হামলার পর ১০ মে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়।
সংঘাতের পর পাকিস্তান দাবি করে, তারা রাফালসহ ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারত সংঘাতে কিছু ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও ছয়টি যুদ্ধবিমান হারানোর দাবি নাকচ করে দেয়। ওই সময় সিএনএন-কে দেওয়া এক বক্তব্যে ফ্রান্সের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নিশ্চিত করেন যে, পাকিস্তানের হাতে ভারতীয় বাহিনীর একটি রাফাল ভূপাতিত হয়েছে—যা ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধে রাফাল ধ্বংস হওয়ার ঘটনা; পাশাপাশি একাধিক রাফাল ভূপাতিত হয়েছে কি না, তা খতিয়ে দেখার কথাও জানান তিনি।
পরবর্তীতে চলতি বছরের মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী দাবি করে, ভূপাতিত করা যানের তালিকায় চারটি রাফাল ছাড়াও সু-৩০, মিগ-২৯ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান এবং একটি ড্রোন ছিল। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সংঘাতে একাধিক বিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সময় উল্লেখ করেন—শুরুতে পাঁচটি, পরে গত বছরের অক্টোবরে সাতটি, নভেম্বরে আটটি এবং সবশেষ গত ফেব্রুয়ারিতে এই সংখ্যা ১০টি বলে দাবি করেন তিনি। ১৯০৯ সালে যাত্রা শুরু করা ‘ফ্লাইট ইন্টারন্যাশনাল’ প্রকাশ করে ‘ফ্লাইটগ্লোবাল’ এবং এটি বিশ্বের প্রাচীনতম নিরবচ্ছিন্ন এভিয়েশন সাময়িকীগুলোর একটি।
তথ্যসূত্র: ডন / ফ্লাইট ইন্টারন্যাশনাল / অনলাইন ডেস্ক





















