জনপদের খবর ডেস্ক: নতুন নোটের সরবরাহ ঘাটতির কারণে বাজারে বর্তমানে ছেঁড়া ও ফাটা নোটের আধিক্য দেখা দিয়েছে। দীর্ঘ বিরতির পর আগামী সপ্তাহে নতুন নকশায় তৈরি ২০ ও ৫০ টাকার নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তবে ১০০ টাকার নোট নতুন ডিজাইনে নয়, বরং প্রচলিত পুরোনো নকশাতেই সরবরাহ করা হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
নিরাপত্তা ও পরিবহন জটিলতায় পিছিয়েছে ছাড়ার সময় কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, চলতি সপ্তাহেই নতুন নকশার নোট বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। কিন্তু গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে নোট পরিবহনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে পূর্বনির্ধারিত সময়ে নোট সরবরাহ করা যায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ২০ এবং ৫০ টাকার নোট মুদ্রণের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে টাঁকশাল থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকে পৌঁছাবে এবং এরপর বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে তা বাজারে ছাড়া হবে। আগামী সপ্তাহে সার্বিক নিরাপত্তা ও পরিবহনসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে নতুন নোট সরবরাহের কার্যক্রম শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ডিজিটাল লেনদেন ও নোট ছাপানোর নিয়ম মুখপাত্র আরিফ হোসেন খান আরও বলেন, বাংলাকিউআর (BanglaQR)-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক উৎসাহ দিচ্ছে। এর ফলে ছোট অঙ্কের নগদ টাকার ব্যবহার ও চাহিদা কমবে, পাশাপাশি আর্থিক অনিয়ম ও দুর্নীতিও হ্রাস পাবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোট মুদ্রণ করে, যেগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। অপরদিকে ১, ২ ও ৫ টাকার সরকারি নোট এবং ধাতব মুদ্রায় অর্থ সচিবের স্বাক্ষর থাকে, যদিও উভয় ধরনের নোট ছাপানোর দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী নোট ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের ওপর ন্যস্ত এবং নকশা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর অনুমোদন নেওয়ার নিয়ম রয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক / অনলাইন ডেস্ক





















