জনপদের খবর ডেস্ক: দীর্ঘ আট বছরেরও বেশি সময় ধরে প্রায় ৬০০ কোটি মাইল পথ অতিক্রম করে অবশেষে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধের আঙিনায় পৌঁছেছে ইউরোপীয় ও জাপানি মহাকাশ গবেষণা সংস্থার যৌথ মিশন ‘বেপিকলম্বো’ (BepiColombo)। দীর্ঘ ও জটিল যাত্রাপথ পাড়ি দিয়ে মহাকাশযানটি এখন গ্রহটির মহাকর্ষীয় বলয় বা কক্ষপথে প্রবেশের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।
বুধের কক্ষপথে প্রবেশের ঐতিহাসিক মুহূর্ত আগামী শনিবার (স্থানীয় সময় অনুযায়ী) মহাকাশযানটির বিশেষ থ্রাস্টার ইঞ্জিনগুলো চালু করার মাধ্যমে এটিকে বুধের কক্ষপথের নির্দিষ্ট স্থানে স্থাপন করা হবে। এই জটিল প্রক্রিয়াটি সফল হলে ইতিহাসে এটি হবে দ্বিতীয় কোনো মহাকাশযান, যা বুধ গ্রহকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে।
১৬০ কোটি ইউরো বা প্রায় ১.৮ বিলিয়ন ডলার ব্যয়ের এই উচ্চাভিলাষী অভিযানের প্রধান লক্ষ্য হলো বুধ গ্রহের সৃষ্টি রহস্য, এর অদ্ভুত চৌম্বক ক্ষেত্রের কারণ এবং গ্রহটির চির-অন্ধকারাচ্ছন্ন গর্তগুলোতে জমে থাকা বরফের গঠন ও উৎস সম্পর্কে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লেস্টারের অধ্যাপক এমা বান্স, যিনি গত দুই দশক ধরে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন, তিনি এই সাফল্যে গভীর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা অত্যন্ত রোমাঞ্চিত। দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।”
চ্যালেঞ্জিং যাত্রা ও বৈজ্ঞানিক অনুসন্ধান বিজ্ঞানীদের মতে, বুধ গ্রহে কোনো মহাকাশযান সফলভাবে পৌঁছানো অত্যন্ত কঠিন একটি কাজ। সূর্যের অত্যন্ত কাছে অবস্থিত হওয়ায় গ্রহটির প্রবল মহাকর্ষীয় টান মহাকাশযানের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। ফলে গ্রহটিকে অতিক্রম করে মহাশূন্যে হারিয়ে যাওয়া রোধ করতে দীর্ঘ সময় ধরে মহাকাশযানটির গতি কৃত্রিমভাবে কমিয়ে রাখতে হয়। পুরো অভিযানটি তাই চরম কারিগরি দক্ষতার পরিচয় বহন করে।
অধ্যাপক বান্স জানান, বেপিকলম্বোতে থাকা ‘মার্কারি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার’ (MIXS) নামক অত্যাধুনিক যন্ত্রটি বুধের পৃষ্ঠের রাসায়নিক উপাদানের বিস্তারিত বিশ্লেষণ করবে।
তবে এখনই পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকে মহাকাশযানটি দুটি পৃথক অরবিটারে বিভক্ত হবে—একটি ইউরোপের তৈরি এবং অন্যটি জাপানের। এরপর এগুলো বুধের চারপাশে দুটি ভিন্ন মেরু কক্ষপথে অবস্থান নেবে। আগামী বছরের এপ্রিল মাস থেকে মূল বৈজ্ঞানিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
দুই মহাকাশযানের ভিন্ন লক্ষ্য বিভক্ত হওয়ার পর ইউরোপীয় মহাকাশযানের নাম হবে ‘মার্কারি প্ল্যানেটারি অরবিটার’ (MPO)। এটি বুধের পৃষ্ঠের ভূ-তত্ত্ব এবং রাসায়নিক গঠনকে অত্যন্ত উচ্চ রেজোলিউশনে পর্যবেক্ষণ করবে। পাশাপাশি গ্রহটির অভ্যন্তরীণ গঠন এবং এর অস্বাভাবিক রকমের বড় কেন্দ্র বা কোর সম্পর্কে তথ্য সংগ্রহ করবে।
অন্যদিকে, জাপানের তৈরি মহাকাশযানটি বুধের শক্তিশালী চৌম্বক ক্ষেত্র এবং গ্রহটিকে ঘিরে থাকা সোডিয়ামসমৃদ্ধ পাতলা গ্যাসীয় স্তর বা এক্সোস্ফিয়ার বিশ্লেষণ করবে।
চাঁদের চেয়ে বুধের আকার মাত্র ৫০ শতাংশ বড় হলেও এর ভর চাঁদের প্রায় চার গুণ। কেন একটি ক্ষুদ্র গ্রহ এত বেশি ঘনত্বপূর্ণ হতে পারে, তার বৈজ্ঞানিক কারণ খুঁজে বের করাও এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
চরম পরিবেশ ও অভিযানের ভবিষ্যৎ সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বুধের পরিবেশ অন্যতম চরম। নিজ অক্ষের ওপর একবার ঘুরে আসতে গ্রহটির ৫৮ পৃথিবী দিবস সময় লাগে, যার ফলে এর কোনো নির্দিষ্ট স্থানে প্রায় তিন মাস দিন এবং পরবর্তী তিন মাস রাত থাকে। বুধের পৃষ্ঠের তাপমাত্রা দিনে ৪৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, আবার রাতে তা মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
অধ্যাপক গেরাইন্ট জোনস, ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) বেপিকলম্বো প্রকল্পের প্রধান বিজ্ঞানী, জানান যে আট বছরের দীর্ঘ যাত্রাপথে সম্ভাব্য বৈজ্ঞানিক আবিষ্কারের প্রত্যাশাই বিজ্ঞানীদের অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, “আমরা নতুন মহাকাশযানের শক্তিশালী যন্ত্রপাতি ব্যবহার করে গ্রহটির অভ্যন্তর, পৃষ্ঠ এবং চারপাশ নিয়ে গবেষণা করব। আমরা বিপুল পরিমাণ নতুন ও অভাবনীয় তথ্য পাওয়ার আশা করছি।”
বিজ্ঞানীরা ধারণা করছেন, মহাকাশযান দুটি প্রায় তিন বছর বুধের কক্ষপথে অবস্থান করবে। এরপর জ্বালানি শেষ হয়ে গেলে ধীরে ধীরে উচ্চতা হারিয়ে শেষ পর্যন্ত গ্রহটির পৃষ্ঠে আছড়ে পড়বে। অধ্যাপক বান্স দুঃখ প্রকাশ করে বলেন, “এটি সত্য যে মহাকাশযান দুটি আর পৃথিবীতে ফিরে আসবে না।”
তথ্যসূত্র- দ্যা গার্ডিয়ান।





















