
বলিউড সিনেমা ধুরন্ধর: ২ মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত দাপট দেখাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের বাজারে ছবিটির আয় দাঁড়িয়েছে ৯৫৯ কোটি ৩৭ লাখ রুপি, আর বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১ হাজার ১৪৮ কোটি ৫৮ লাখ রুপিতে। মুক্তির মাত্র সাত দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১০০০ কোটির ক্লাবে নাম লেখানো সিনেমাটি এখন ভারতের বাজারেও একই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, ভারতের বাজারে ১০০০ কোটির ক্লাবে ঢুকতে ছবিটির প্রয়োজন আর প্রায় ৪০ কোটি রুপি। চলতি সপ্তাহান্তেই সেই লক্ষ্য পূরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে শনি ও রোববার আয় আরও বাড়বে বলে ইঙ্গিত মিলছে।
২০২৫ সালের ব্লকবাস্টার ধুরন্ধর-এর সিক্যুয়েল এই ছবিতে গল্প এগিয়েছে নতুন মোড়কে। প্রথম পর্বে লিরারির বালুচ গ্যাংয়ে হামজার অনুপ্রবেশ দেখানো হলেও, দ্বিতীয় পর্বে তুলে ধরা হয়েছে কীভাবে জসকিরত থেকে হামজায় রূপান্তরিত হন নায়ক।
ছবিতে রণবীর সিং-এর সঙ্গে অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত এবং সারা অর্জুন।
এদিকে দক্ষিণী তারকা ঋষভ শেঠি সিনেমাটির প্রশংসা করে বলেন, শুরু থেকেই এটি দর্শককে ধরে রাখে এবং প্রতিটি দৃশ্য যেন যুদ্ধের আবহ তৈরি করে। তিনি অভিনয়ের পাশাপাশি আবহ সংগীত ও সম্পাদনারও প্রশংসা করেছেন।
সব মিলিয়ে, বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা ‘ধুরন্ধর: ২’ এখন ভারতের বাজারে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।