
দৈনিক কালান্তর
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আংগারগারা মৌজায় বন বিভাগের দাবিকৃত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেকুটি জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকার বনভূমি থেকে অনুমোদন ছাড়াই মাটির উপরিস্তর কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি বন বিভাগ জানতে পেরে প্রশাসনকে অবহিত করলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুটি ঘটনাস্থল থেকেই জব্দ করা হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আংগারগারা বিটের বিট অফিসার নজরুল ইসলাম সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “বন বিভাগের দাবিকৃত জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করা হয়েছে। পরিবেশবিরোধী এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এ ধরনের অবৈধ মাটি উত্তোলনের কারণে বনভূমির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনের এমন পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।