
দৈনিক কালান্তর
প্রকাশিত: সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘তারুণ্যের বইমেলা’। সোমবার দুপুরে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ইসলামিক, গল্প ও উপন্যাসসহ বিভিন্ন ধরনের বই ক্রয় করেন। এ সময় তিনি বলেন, “বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ বন্ধু। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারুণ্যের বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনসহ কুড়িগ্রাম জেলা ও রাজারহাট উপজেলা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক কমিটি জানায়, বইমেলাটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিভিন্ন প্রকাশনার স্টল ছাড়াও পাঠকদের জন্য রয়েছে নানা আয়োজন, যা তরুণ প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।