র‍্যাবের অভিযানে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

হেলাল শেখঃ ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪, সিপিসি-২, সাভার।
র‍্যাব জানায়, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল সাভারের পশ্চিম রাজাশন বিরুলিয়া রোডের আমতলা পালোয়ানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে শামীমের অটো গ্যারেজের সামনে রাস্তা থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইনসহ মোঃ হৃদয় হোসেন ওরফে হৃদয় (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত হৃদয় হোসেন সাভার উপজেলার দেওগাঁও পশ্চিম পাড়া এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে সাভারসহ বিভিন্ন স্থানে ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *