আজ বাংলা, চলবে চার দিনব্যাপী পরীক্ষা

জনপদের খবর
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে শুরু হয়ে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন করা হয়। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিস্তারিত সময়সূচি প্রকাশ করে।
পরীক্ষার সূচি
প্রকাশিত সূচি অনুযায়ী—
- ১৫ এপ্রিল: বাংলা
- ১৬ এপ্রিল: ইংরেজি
- ১৭ এপ্রিল: প্রাথমিক গণিত
- ১৮ এপ্রিল: বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান
প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।
পার্বত্য জেলায় ভিন্ন সূচি
তবে পার্বত্য তিন জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সময়সূচিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে এবং ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মাধ্যমে শেষ হবে।
বিশেষ সুবিধা
বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।