ঋণ মওকুফে ইতোমধ্যে সুবিধা পেয়েছেন ১২ লাখ কৃষক: প্রধানমন্ত্রী

জনপদের খবর
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ প্রদান করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকার ইতোমধ্যে কৃষি ঋণ মওকুফের উদ্যোগ নিয়েছে।
“প্রথম সপ্তাহেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন,” বলেন তিনি।
কৃষিভিত্তিক শিল্পায়নে জোর
কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষিনির্ভর অঞ্চলে শিল্পকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন,
“কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পান, সে লক্ষ্যে কাজ করছি। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তারা কোল্ডস্টোরেজ নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন।”
উদ্বোধনী অনুষ্ঠান
এর আগে সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে তিনি শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মাঝে কার্ড বিতরণ করেন এবং গাছের চারা তুলে দেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯টি উপজেলায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়।
উপস্থিতি
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সরকারের এই উদ্যোগ কৃষি খাতকে আরও গতিশীল করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।