জাবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসব

জনপদের খবর
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচিতে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় ‘এসো হে বৈশাখ এসো এসো’সহ বাংলা নববর্ষের গান পরিবেশন করা হয় এবং অতিথিদের পরিবেশন করা হয় জিলাপী, সন্দেশ, কদমা, তরমুজ, আমের শরবত, বাতাসা, মুড়ি ও খৈসহ ঐতিহ্যবাহী খাবার।

এরপর সকাল পৌনে ১০টার দিকে পুরাতন কলা ও মানবিকী অনুষদ সংলগ্ন মৃৎ মঞ্চ থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল এই শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল-দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন,
“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত। এবারের আয়োজন বিগত যেকোনো সময়ের চেয়ে বৈচিত্র্যময়। আমরা শুধু দক্ষ জনশক্তি নয়, নৈতিকভাবে আলোকিত মানুষ গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, অতীতের দুঃখ-কষ্ট ভুলে নতুন বছরে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে।

বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন

শোভাযাত্রা শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চত্বরে বৈশাখী মেলার উদ্বোধন করেন। পরে বিভিন্ন বিভাগ আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দিনব্যাপী আয়োজনে বাংলা বিভাগ, দর্শন বিভাগ, ইংরেজি বিভাগ, সরকার ও রাজনীতি বিভাগ এবং ভূগোল ও পরিবেশ বিভাগ পৃথকভাবে সাংস্কৃতিক ও বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করে।

এছাড়া বিকেলে সেলিম আল-দীন মুক্তমঞ্চে ছাত্র-শিক্ষক কেন্দ্র, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র এবং জাকসুর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্যাপক অংশগ্রহণ

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নতুন বছরকে বরণ করে নেয় উৎসবমুখর পরিবেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *