সাভার ও আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ইয়াবা,গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ধারাবাহিক তৎপরতা অব্যাহত রেখেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ডিবি পুলিশ জানায়, ১২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) কে গ্রেফতার করা হয়, এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

একইদিন রাত ১১টা ৪৫ মিনিটে বেলমা এলাকায় অভিযানে বশির আহম্মদ (৪২) কে ৫২পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার ৬০০ টাকা।

পরদিন ১৩এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বশির আহম্মদের বিরুদ্ধে পূর্বে একটি এবং আলমগীর মিয়ার বিরুদ্ধে পাঁচটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে, যা থেকে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, নিয়মিত অভিযানে খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা ধরা পড়লেও মাদক সরবরাহের মূল উৎস ও বড় সিন্ডিকেট এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে।

প্রশ্ন উঠছে, বারবার একই ধরনের অভিযানে একই চিত্র সামনে এলেও, মাদকের মূল হোতা কারা এবং তারা কোথায় অবস্থান করছে? কেন মাদকের ডিলার গ্রেফতার হচ্ছে না তা জাতি জানতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *