
দৈনিক কালান্তর
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
ঢাকা: গুম সংক্রান্ত অধ্যাদেশকে অপ্রয়োজনীয় আইন হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, গুমের বিচার বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই সম্ভব, আলাদা কোনো আইনের প্রয়োজন ছিল না।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, “গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধগুলো ইতোমধ্যেই ট্রাইব্যুনাল আইনে অন্তর্ভুক্ত ছিল। সেই আইনের আওতায় গুমের অভিযোগ বিচারের এখতিয়ার বিদ্যমান ছিল। তাই নতুন করে আলাদা আইন ও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা ছিল না।”
তিনি আরও বলেন, “যদি গুম অধ্যাদেশ বাতিল করে তা ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তাহলে এজন্য আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হয়েছে।”
আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল আইনের সঙ্গে বিষয়টি সংযুক্ত হওয়ায় বিচার প্রক্রিয়া আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশা করা যায়।
তিনি মনে করেন, আইন প্রণয়নে অপ্রয়োজনীয় জটিলতা না বাড়িয়ে বিদ্যমান কাঠামোর মধ্যেই বিচার নিশ্চিত করাই অধিক যুক্তিযুক্ত।