দৈনিক কালান্তর
প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
ঢাকা: রাজধানীর তেজগাঁও লিংক রোডে বেতন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল পোশাককর্মী। এতে মহাখালী-তেজগাঁও-উত্তরা সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়। তবে কিছু সময় পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
রবিবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ।
পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে আনুমানিক ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা এবং বিপরীতমুখী রুটে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়। এ সময় উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা, গুলশান ও বনানী এলাকা থেকে তেজগাঁওয়ের দিকে চলাচলের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলমুখী সড়ক ব্যবহারের বিকল্প পথ খোলা রাখা হয়। একইভাবে বিপরীত দিক থেকেও যান চলাচল চালু রাখা হয়।
পরে বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।