মানিকগঞ্জে শিশুহত্যা: গণপিটুনিতে নিহত ২

স্বর্ণালঙ্কার লুটের সন্দেহ, আহত ১—এলাকায় থমথমে পরিস্থিতি

জনপদের খবর
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে হত্যার অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত শিশু আতিকা দুদুল মিয়ার মেয়ে। বিকেল ৫টার দিকে নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানানো হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ শুরু করা হয়।

রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা অটোচালক পান্নু মিয়া (৪৫), তার ভাই ফজলু (২৮) এবং ছেলে নাজমুলকে (২০) আটক করে গণপিটুনি দেয়। এতে পান্নু মিয়া ও ফজলু ঘটনাস্থলেই নিহত হন এবং নাজমুল গুরুতর আহত হন। তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে গণপিটুনির ঘটনাতেও পৃথকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *