
দৈনিক কালান্তর
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এলাকায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবির ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে এবং ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) ব্যবস্থাপনায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা টহল কার্যক্রমসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তারিখ নির্ধারণ করে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।