
দৈনিক কালান্তর
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে দোকানের চালা ধসে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কুনরা গ্রামের গাজী রহমানের ছেলে। তিনি পেশায় বাঁশ দিয়ে ঘরের সিলিং তৈরির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের সময় তিনি যে দোকানে কাজ করতেন, সেই দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন। ঝড়ের একপর্যায়ে বাঁশের তৈরি ঘরের চালা ধসে পড়ে তিনি নিচে চাপা পড়েন। পরে সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতের ছেলে শাহিন জানান, প্রায় আট থেকে দশ বছর আগে তারা শ্রীপুরে এসে বসবাস শুরু করেন। দেড় বছর আগে তার বাবা সিরাজুল ইসলামও এখানে এসে একই কাজে যুক্ত হন। তিনি কর্মস্থলেই রাতে থাকতেন। ঘটনার রাতে ঝড়ের সময় চালা ধসে পড়ে তার মৃত্যু হয়।
পরে মরদেহ উদ্ধার করে দাফনের জন্য টাঙ্গাইলের নাগরপুরে নিয়ে যাওয়া হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন এবং অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।