
দৈনিক কালান্তর
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
ঢাকা: জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি ডিবির হেফাজতে রয়েছেন।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বলেন, “তাকে তার এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। পরে সুনির্দিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হবে।”
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা এ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর ২ সেপ্টেম্বর স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।
তার আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।