
হেলাল শেখঃ ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ঢালাওভাবে শ্রমিক ছাঁটাই এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পোশাক শ্রমিকরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬ইং) সকালে ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া আরএস টাওয়ারের সামনে পোশাক শ্রমিকদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে ছাঁটাইকৃত শ্রমিকদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল এবং সব ধরনের শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,গত ঈদুল ফিতরের পর থেকে সাভার ও আশুলিয়া এলাকায় প্রায় ৫ হাজার শ্রমিককে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিকের ওপর নির্ভরশীল আরও অন্তত ২৫ হাজার মানুষ এখন মানবেতর জীবন যাপন করছেন।
বক্তব্যকালে শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, “শ্রমিকদের ওপর এই ঢালাও ছাঁটাই ও নির্যাতন কেবল শ্রমিকের জন্য কষ্টদায়ক নয়, বরং এটি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। বিশেষ করে শ্রমিকরা যখন বকেয়া বেতন বা মাতৃত্বকালীন ছুটির মতো ন্যায্য দাবি তোলেন, তখনই মালিকপক্ষ কৌশলে তাদের চাকরিচ্যুত করছে।”
তিনি আরও বলেন, “এই ৫ হাজার শ্রমিকের কর্মসংস্থানের নিশ্চয়তা রাষ্ট্র ও মালিকপক্ষকে দিতে হবে। অনতিবিলম্বে যদি ছাঁটাইকৃত শ্রমিকদের বিষয়ে সঠিক ও ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তবে সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”
মানববন্ধনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আশিক শেখ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটের থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিভিন্ন কারখানার ভুক্তভোগী শ্রমিকরা।