
দৈনিক কালান্তর
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
১৩৩ অধ্যাদেশ পাসে সংসদে ‘ডাবল শিফট’, দিনে দুই সেশনে অধিবেশন
ঢাকা: ১৩৩টি অধ্যাদেশকে নির্ধারিত সময়ের মধ্যে আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে জাতীয় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার থেকে দিনে দুই সেশনে অনুষ্ঠিত হচ্ছে। সময়ের স্বল্পতা কাটিয়ে ওঠা এবং আইনি শূন্যতা এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতিদিন সকাল ও বিকেল—দুই সময়েই অধিবেশন বসবে। এতে সংসদ সদস্যরা আইন প্রণয়ন কার্যক্রমে দ্বিগুণ সময় অংশ নিতে পারবেন।
সূত্র জানায়, মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ইতোমধ্যে ৯টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে। তবে বাকি অধ্যাদেশগুলো নির্ধারিত সময়ের মধ্যে পাস করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
গত সোমবার (৬ এপ্রিল) সংসদে ছিল অত্যন্ত কর্মব্যস্ত দিন। একদিনেই সাতটি গুরুত্বপূর্ণ বিল পাস করা হয়। একই সঙ্গে আরও তিনটি নতুন বিল সংসদে উত্থাপন করা হয়।
তবে উত্থাপিত বিলগুলোর ওপর বিরোধী দল থেকে কিছু আপত্তি ও পর্যবেক্ষণ আসায় সেগুলো তাৎক্ষণিকভাবে পাস করা সম্ভব হয়নি। সংসদীয় রীতি অনুযায়ী, এসব বিল নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের অধিবেশনে এসব বিল নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির জারি করা কোনো অধ্যাদেশ সংসদের পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে আইন হিসেবে পাস না হলে তা বাতিল হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো আইনে পরিণত করতে সংসদের কার্যক্রমের গতি বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে সংসদের ‘ডাবল শিফট’ অধিবেশন আইন প্রণয়ন প্রক্রিয়ায় গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।