জনপদের খবর ডেস্ক: দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ের জন্যই মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেন।
মাউশির আদেশ ও মন্ত্রণালয়ের অবস্থান চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এই নিষেধাজ্ঞার বিষয়ে একটি আনুষ্ঠানিক আদেশ জারি করেছে। ওই নির্দেশনা অনুসারে, মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুমে পাঠদান চলাকালে শিক্ষক কিংবা শিক্ষার্থী কেউই মোবাইল ফোন সঙ্গে রাখতে বা ব্যবহার করতে পারবেন না।
শিক্ষামন্ত্রী আরও স্পষ্ট করেন যে, এ সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত এবং মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।
নিষেধাজ্ঞার প্রেক্ষাপট ও উদ্দেশ্য শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের দিকটি তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, অনলাইনে হয়রানি বা সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানের প্রতি মনোযোগ ফিরিয়ে আনতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এমন সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সংসদ বিট / অনলাইন ডেস্ক





















