কুমিল্লা প্রতিনিধি, জনপদের খবর: কুমিল্লায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের ৬৪ জন নেতাকর্মীসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের লক্ষ্য ও আইনি পদক্ষেপ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক তৎপরতার সাথে জড়িতদের ওপর বিশেষ নজরদারি ও গুরুত্ব দেওয়া হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, অপরাধে সম্পৃক্ততার কোনো প্রমাণ না মেলায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
হয়রানি এড়াতে কঠোর তদারকি অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো নির্দোষ ব্যক্তি যাতে অকারণ ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক





















