সাতক্ষীরা প্রতিনিধি, জনপদের খবর: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক দীর্ঘ সাত বছরেও স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা হয়নি। সড়কটির প্রায় ৭০০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় কুড়িকাহুনিয়া, সনাতনকাঠি, নাকনা, গোকুলনগর, গোয়ালকাটি ও শ্রীপুরসহ সাতটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্ফানের প্রবল জলোচ্ছ্বাসে প্রতাপনগরের গড়ইমহল সড়কের বড় একটি অংশ ভেঙে গভীর খাদের সৃষ্টি হয়। এরপর দীর্ঘ সময় এলাকাবাসীকে নৌকায় করে পারাপার হতে হয়েছে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সম্মিলিত চেষ্টায় বাঁশের সাঁকো নির্মাণ করে কোনোভাবে যাতায়াত ব্যবস্থা সচল রাখা হয়। তবে বর্ষা মৌসুমে সাঁকোটি পিচ্ছিল হয়ে পড়ায় শিশু ও বয়স্কদের চলাচলে দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়।
শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ এই সড়কটি ব্যবহার করে সাত গ্রামের মানুষ প্রতাপনগর ইউনিয়ন পরিষদ, ইউনাইটেড একাডেমি হাই স্কুল, এপিএস ডিগ্রি কলেজ, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা, আল-আমিন মহিলা মাদ্রাসা এবং ফুলতলা ও তালতলা বাজারে যাতায়াত করেন। নাকনা গ্রামের বাসিন্দা ডা. নিহার সরকার জানান, এটি এলাকার প্রধান স্থলপথ হওয়ায় সড়কটি ভেঙে পড়ার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভুক্তভোগী বাসিন্দা রানুফা খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন, আম্ফানের তাণ্ডবে মাত্র ১৫ মিনিটে তাঁদের ৭৬ শতক ভিটাবাড়ি বিলীন হয়ে যায় এবং প্রায় ১১ মাস সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে হয়েছিল। সব কষ্ট সয়ে নিলেও নিরাপদ রাস্তার অভাবে সন্তানদের নিয়মিত স্কুল-কলেজে পাঠানো নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন। আরেক বাসিন্দা খালেক গাজী জানান, আগে সন্তানদের মক্তব ও স্কুলে পাঠাতে প্রতিদিন নৌকা ভাড়া গুনতে হতো; যানবাহন চলাচলের সুযোগ না থাকায় কেউ অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য নেওয়াও কঠিন হয়ে পড়ে।
জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্য প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, কুড়িকাহুনিয়ার কাঁঠালতলা থেকে মকবুল দোকানদারের বাড়ি পর্যন্ত প্রায় ৭০০ ফুট রাস্তা বিলীন হওয়ায় সেখানে সাঁকো তৈরি করে দেওয়া হয়েছে। পূর্বে এটি হিয়ারিং বাঁধের রাস্তা ছিল এবং বর্তমানে কার্পেটিং সড়ক নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে; তাই দ্রুত সড়কটি নির্মাণের জন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন, সড়কটি ভেঙে গভীর খাদ তৈরি হওয়ায় এবং এলজিইডির বাজেট স্বল্পতার কারণে তখন স্থায়ী কাজ শুরু করা যায়নি। স্থানীয় চাহিদার প্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে ৩ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দে প্রায় ৭০০ ফুট দীর্ঘ অস্থায়ী ভাসমান বাঁশের সাঁকো তৈরি করা হয়। জায়গাটি অত্যন্ত গভীর হওয়ায় বিপুল পরিমাণ মাটি ভরাটের প্রয়োজন, যা ব্যয়বহুল; তবে প্রয়োজনীয় বরাদ্দ পেলে স্থায়ী উদ্যোগ নেওয়া হবে এবং আপাতত চাহিদা সাপেক্ষে সাঁকোটি সংস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক





















