
দৈনিক কালান্তর
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের সন্তোষজনক মজুত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেল—১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেন ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত রয়েছে।
মন্ত্রী আরও জানান, এপ্রিল মাসে আরও জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিকে আরও স্থিতিশীল রাখবে।
অবৈধ মজুত ও পাচার রোধে সরকারের নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, গত ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, গত মাসে সরকার কোনো মূল্যবৃদ্ধি করেনি। তবে মে মাসের জন্য জ্বালানির দাম নির্ধারণে কাজ চলছে। মন্ত্রীপরিষদের আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে তেলের দাম সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।