
দৈনিক কালান্তর
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬
ঢাকা: আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলসহ দেশের ১০টি জেলায় আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে বলা হয়, কৃষি খাতের উন্নয়ন এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে এই ‘কৃষক কার্ড’ বিতরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিত থেকে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি সহায়তা, প্রণোদনা ও সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে, কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন হলে কৃষি খাতে স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং প্রকৃত কৃষকরা সরাসরি সরকারি সহায়তার আওতায় আসবেন।