শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ক্যাম্পাস

জনপদের খবর
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। দিনব্যাপী আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বড় মাছ, ময়ূর, পুতুল, প্যাঁচা, ঈগল ও বাঘসহ নানা বৈশাখী প্রতীক এবং রঙিন মুখোশে সজ্জিত শিক্ষার্থীরা অংশ নেন। বর্ণিল এই শোভাযাত্রা ক্যাম্পাস সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শান্ত-মারিয়াম একাডেমি ঘুরে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসে।
শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীদের জন্য ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। খই, মুড়ি, বাতাসা, মৌসুমি ফল ও শরবত পরিবেশনের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, সদস্য ডা. আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান, ডেজিগনেটেড ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল হালীম শেখসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরে ক্যাম্পাস মিলনায়তনে বাংলা নববর্ষ ও হালখাতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশনা, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।
উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। রঙিন বৈশাখী পোশাকে সজ্জিত হয়ে তারা আনন্দঘন পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয়।