স্থানীয়দের সহযোগিতায় পুলিশের অভিযানে ধরা পড়ল চোরচক্র

জনপদের খবর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসামে সিএনজিচালিত অটোরিকশা ও পাঁচটি চোরাই ছাগলসহ চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চানগাঁও (আবেদনগর) এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—কুমিল্লা কোতোয়ালি এলাকার আড়াইওড়া পালপাড়ার আব্দুল হালিমের ছেলে মো. জনি (২৮) এবং ব্রাহ্মণপাড়ার দক্ষিণ চান্দলা বলাখাল এলাকার আহেদ মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চানগাঁও এলাকার বাসিন্দা মাওলানা মো. আবু তাহেরের বসতঘরের পাশের ছাগলের ঘর থেকে পাঁচটি ছাগল চুরি করে পালিয়ে যাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত নোয়াপাড়া বাজার সংলগ্ন এলাকায় সড়কে ব্যারিকেড দেন।
পরে স্থানীয়দের সহায়তায় একটি সিএনজি ও চোরাই ছাগলসহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে। জনির বিরুদ্ধে তিনটি এবং বিল্লালের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী ছাগলের মালিক বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন। পরে আটক দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় চুরি প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।