বৃষ্টি ও অতিরিক্ত গাড়ির চাপ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ১৫ কিলোমিটার জুড়ে ধীরগতি, ২৪ ঘণ্টায় পার হলো ৫৩ হাজার গাড়ি

জনপদের খবর

টাঙ্গাইল প্রতিনিধি

তারিখ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | সময়: সকাল ০৯:৪০

টাঙ্গাইল: ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভিড় এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট ও ধীরগতি। আজ মঙ্গলবার ভোরে হঠাৎ বৃষ্টি এবং ধারণক্ষমতার চেয়ে বেশি গাড়ি মহাসড়কে প্রবেশ করায় যমুনা সেতু থেকে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে এই ধীরগতির সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ যাত্রীরা।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি ছোট-বড় যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি।

সরেজমিনে দেখা যায়, আজ ভোররাতে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় চালকদের দৃষ্টিসীমা কমে যায় এবং পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে ধীরগতিতে চলতে হয়। এতে করে মহাসড়কে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয় এবং একপর্যায়ে তা যমুনা সেতু এলাকা থেকে শুরু করে টাঙ্গাইলের রসুলপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বঙ্গবন্ধু যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, “মঙ্গলবার ভোররাতে হঠাৎ বৃষ্টি হওয়া এবং একই সঙ্গে অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই মূলত মহাসড়কে এই ধীরগতি ও যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাতে গাড়িগুলো স্বাভাবিক গতিতে চলতে পারেনি। তবে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রাখতে ও মানুষের ভোগান্তি কমাতে সেতু বিভাগ এবং হাইওয়ে পুলিশ মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ। তবে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *