
জাগতিক প্রতিবেদন, ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা অ্যালবিনো জাতের ব্যতিক্রমী মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সরাসরি হস্তক্ষেপে মহিষটিকে ক্রেতার কাছ থেকে অর্থ ফেরত দিয়ে পুনরায় নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার (২৭ মে) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মহিষটিকে কেন্দ্র করে জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের ক্রেতাকে তাঁর অর্থ ফেরত দেওয়া হয়েছে এবং মহিষটিকে নারায়ণগঞ্জের খামারে লালন-পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি থাকবে।
যেভাবে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির অদ্ভুত নামের কারণে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মহিষটির সাদা চুল ও চোখের গড়ন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
৭০০ কেজি ওজনের এই মহিষটি ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন। পরে যখন নামের খবর ছড়িয়ে পড়ে, তখন মহিষটিকে এক নজর দেখতে খামারে ও পরবর্তী গন্তব্যে ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। শুধু নারায়ণগঞ্জ নয়, বরিশাল, কুমিল্লাসহ দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। কেউ কেউ কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পায় ভাইরাল এই মহিষটির খবর। বিশ্বজুড়ে এই কৌতূহলোদ্দীপক খবরের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল এই প্রাণীটি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক হস্তক্ষেপে কোরবানির হাট ও জনমনে ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে তৈরি হওয়া কৌতূহল ও উদ্বেগের অবসান ঘটল। আপাতত খামারে শান্তির দিন কাটবে এই বিরল জাতের মহিষটির।