
জনপদের খবর প্রতিবেদক: আল আমিন কাজী | স্পোর্টস ডেস্ক তারিখ: বুধবার, ২৭ মে, ২০২৬ | সময়: রাত ০৮:০৫ —
ক্রীড়াঙ্গন: আসন্ন বিশ্বকাপে ইতিহাস গড়ার মিশন নিয়ে মাঠে নামতে যাচ্ছে নেদারল্যান্ডস। কাগজে-কলমে তারা হয়তো শিরোপার অন্যতম প্রধান দাবিদার নয়, তবে নিজেদের দিনে যেকোনো প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলার সামর্থ্য রাখে ডাচরা। সেই লক্ষ্যকে সামনে রেখেই দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক ভার্জিল ফন ডাইকের নেতৃত্বে ২৬ সদস্যের শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রোনাল্ড কোম্যান।
চোট কাটিয়ে ফিরলেন মেমফিস ও টিম্বার বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ডাচ শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো দলের সর্বোচ্চ গোলদাতা ও অ্যাসিস্টদাতা মেম্ফিস ডেপাইয়ের ফেরা। চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় আক্রমণভাগের এই মূল অস্ত্রকে শেষ মুহূর্তে দলে রেখেছেন কোম্যান। অন্যদিকে, আর্সেনালের ডিফেন্ডার জুরিয়েন টিম্বারকে নিয়ে ম্যানেজারের পূর্বের সংশয় থাকলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত স্কোয়াডে নিজের জায়গা করে নিয়েছেন।
দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করা বোর্নমাউথের তারকা ফরোয়ার্ড জাস্টিন ক্লুইভার্টকেও দলে ডেকেছেন কোম্যান। স্পার্সের হয়ে খেলা ডাচ তারকা জাভি সিমন্স গত এপ্রিলে হাঁটুর চোটে পড়ায় তার অভাব পূরণে ক্লুইভার্ট অরেঞ্জদের আক্রমণাত্মক মিডফিল্ডে বেশ কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
মিডফিল্ডে চোটের থাবা ও কোম্যানের সমালোচনা নেদারল্যান্ডস দলের মিডফিল্ড এবার বেশ বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার জাভি সিমন্স এবং পিএসভি অধিনায়ক জার্ডি শাউটেন।
তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জোয়ি ভিয়ারম্যানকে নিয়ে। শাউটেনের সতীর্থ মিডফিল্ডার এবং ফ্ল্যাশস্কোর এরেডিভিসির বর্ষসেরা খেলোয়াড় কোম্যানের গোপন ৫৫ সদস্যের প্রাথমিক দলেই জায়গা পাননি। ২০২৪ সালের ইউরোর পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ভিয়ারম্যান সম্প্রতি কোচের কড়া সমালোচনা করে সংবাদমাধ্যমে বলেন, “কোচ যদি সংবাদ সম্মেলনে বারবার আমাকে নিয়ে নেতিবাচক কথা বলেন, তবে একটা সময় আমার আর সহ্য হবে না। তার আমাকে আর দলে ডাকার কোনো দরকার নেই।”
ডি রুন ও টিলের প্রত্যাবর্তন, বাদ পড়লেন ডি ভ্রাই-ফ্রিমপং আটালান্টার অধিনায়ক মার্টেন ডি রুন ২০২৪ সালের পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন। মূলত শাউটেন ও ভিয়ারম্যানের শূন্যস্থান পূরণে এই ২৬ সদস্যের স্কোয়াডে তাকে রাখা হয়েছে। এছাড়া পিএসভির গুস টিলও দীর্ঘ সময় পর দলে ফিরেছেন। ৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই মিডফিল্ডার ২০২২ সালের জুনে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন।
তবে ডাচ ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো দলের দুই অভিজ্ঞ ও পরীক্ষিত খেলোয়াড় স্টেফান ডি ভ্রাই এবং ফর্মে থাকা জেরেমি ফ্রিমপংয়ের স্কোয়াড থেকে বাদ পড়া।