জনপদের খবর ডেস্ক: দেশের সম্পদহানি ও সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার রাজনীতি আর বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতির সমুচিত জবাব দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এনাফ ইজ এনাফ; যথেষ্ট হয়েছে, আর নয়।”
সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব চাই গতকাল দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানিনিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। তিনি বিগত সরকারের আমলে গুম-খুন, অগ্নিসন্ত্রাস এবং ভোটাধিকার হরণের রাজনীতির তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি এবং দেশের অগ্রগতি চায়।
আওয়ামী লীগকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, “ষোল বছর ধরে তারা জনগণের কথা বলার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো রাতের আঁধারের বা আমি-ডামির নির্বাচনের যুগে আর ফিরে যেতে চায় না এদেশের মানুষ।” গণতন্ত্র পুনরুদ্ধারে চব্বিশের আন্দোলনে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক শক্তিকে ভবিষ্যতে যেন কোনো অপশক্তি দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও অভিযোগ করেন, বিগত শাসনামলে তিস্তা মহাপরিকল্পনা বা পদ্মা ব্যারাজের মতো জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন না করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকতে তারা ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ জন শিশুকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
নিজস্ব স্যাটেলাইট ও উন্নয়ন পরিকল্পনা লালমনিরহাট সফরের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস’ প্রতিযোগিতায় অংশ নেন। এ সময় তিনি ঘোষণা দেন যে, আগামী তিন বছরের মধ্যেই বাংলাদেশ নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে। তিনি বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে।
পরে মহেন্দ্রনগর মডেল খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সরকার সমগ্র বাংলাদেশে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা নিয়েছে, যা কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করবে এবং স্থানীয়দের পানির কষ্ট দূর করবে।
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা ধীরে ধীরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য বইয়ের পাশাপাশি স্কুল ড্রেসও পৌঁছে দিতে চাই। এছাড়া প্রায় ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে এবং আগামী এক-দুই মাসের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে।” অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে খুলনা থেকে রংপুর হয়ে পঞ্চগড় পর্যন্ত গ্যাস লাইন স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি, যা কলকারখানা সচল রাখতে সহায়ক হবে। এছাড়া যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিদেশে জনশক্তি রপ্তানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
বিকালে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিপুল সংখ্যক জনতা তাকে স্বাগত জানান। এক দিনের সরকারি সফর শেষে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
তথ্যসূত্র: অনলাইন ডেস্ক / সংশ্লিষ্ট প্রতিনিধি




















