জনপদের খবর ডেস্ক: অর্থনৈতিক সক্ষমতার সূচকে সামান্য পিছিয়ে পড়লেও ২০২৬ সালে এশিয়া অঞ্চলে নিজেদের কৌশলগত প্রভাব আরও বিস্তৃত করেছে ভারত। আঞ্চলিক কূটনীতি, প্রতিরক্ষা খাতে সমন্বয়, বাণিজ্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক প্রভাব বাড়ানোর মাধ্যমে এশিয়ার অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে দেশটির অবস্থান আরও দৃঢ় হয়েছে।
পাশাপাশি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ভারত ও চীনের মধ্যকার দূরত্ব ২০১৮ সালে এশিয়া পাওয়ার ইনডেক্স যাত্রা শুরুর পর থেকে সবচেয়ে কম পর্যায়ে নেমে এসেছে। যদিও সামগ্রিক সক্ষমতার দিক থেকে চীন এখনো ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে।
অর্থনৈতিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা অস্ট্রেলিয়ার লোয়ি ইনস্টিটিউট প্রকাশিত এশিয়া পাওয়ার ইনডেক্সের ২০২৬ সালের সংস্করণে দেখা গেছে, সামগ্রিক সূচকে ভারতের প্রাপ্ত স্কোর ৪০ দশমিক ৫ পয়েন্ট। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতের অর্থনৈতিক সক্ষমতার স্কোর কিছুটা কমে ২৬ দশমিক ৪ পয়েন্টে দাঁড়ালেও তৃতীয় অবস্থান অক্ষুণ্ন রেখেছে দেশটি। রুপির মান কমে যাওয়া, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপ পদ্ধতিতে পরিবর্তন এবং বিদেশে ভারতের বিনিয়োগ প্রায় ২০ বিলিয়ন ডলার কমে যাওয়ায় এই প্রভাব পড়েছে।
তবে ভবিষ্যৎ সম্পদ সূচকে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে; ইতিবাচক অর্থনৈতিক পূর্বাভাসের কারণে এই খাতে দেশটির স্কোর বেড়ে ৫৬ দশমিক ২ পয়েন্টে পৌঁছেছে।
কূটনীতি, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক অবস্থান কূটনৈতিক প্রভাবের সূচকে ভারত ৭০ দশমিক ৩ পয়েন্ট অর্জন করে তিন ধাপ এগিয়েছে। আঞ্চলিক নেতৃত্বের মূল্যায়নে উন্নতির ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পর আঞ্চলিকভাবে দ্বিতীয় কার্যকর নেতা হিসেবে বিবেচিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে উপসাগরীয় সংঘাতের সময়ে ভারতের কূটনৈতিক সম্পৃক্ততা সীমিত থাকায় বৈশ্বিক নেতৃত্ব ও কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার মূল্যায়নে কিছুটা ভাটা পড়েছে।
অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কের সূচকে দুই ধাপ এগিয়ে সপ্তম এবং প্রতিরক্ষা নেটওয়ার্কে দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সরবরাহ ও আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে। পাশাপাশি সাংস্কৃতিক প্রভাবের স্কোরও বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্টে উন্নীত হয়েছে।
সব মিলিয়ে অর্থনৈতিক ও কূটনৈতিক সূচকে মিশ্র চিত্র থাকলেও এশিয়ায় ভারতের সার্বিক প্রভাব বেড়েছে। ভবিষ্যতের অর্থনৈতিক গতি ও আঞ্চলিক সম্পর্ক আরও জোরদার হলে এই প্রভাব ধরে রাখা সম্ভব হবে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিনিধি / অনলাইন ডেস্ক





















