টানা চতুর্থ হার রাওয়ালপিন্ডিজের, মুলতানের সহজ জয়

মুলতানের সহজ জয়
মুলতানের সহজ জয়

দৈনিক কালান্তর
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে দুঃস্বপ্ন কাটছেই না রাওয়ালপিন্ডিজের। টানা চার ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি দলটি। সর্বশেষ ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রাওয়ালপিন্ডিজ। ওপেনার ইয়াসির খান দ্রুত আউট হন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই বিদায় নেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি।

মাঝে কামরান গোলাম ২৪ বলে ৩৫ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ফয়সাল আকরামের বলে আউট হলে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। ড্যারেল মিচেল ১৭ রান করে ফিরে গেলে চাপে পড়ে যায় ব্যাটিং লাইনআপ।

শেষদিকে স্যাম বিলিংস একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন। তার অপরাজিত ৫৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রাওয়ালপিন্ডিজ। অন্যদিকে ডিন ফক্সক্রফট দ্রুত রান তুলতে গিয়ে ব্যর্থ হন এবং রিশাদ হোসেন মাত্র ১ রান করে আউট হয়ে হতাশ করেন।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে স্টিভ স্মিথের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় মুলতান সুলতান্স। ওপেনার সাহিবজাদা ফারহান ও জস ফিলিপে দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। ফারহান ৩৮ বলে ৬৮ এবং ফিলিপে ৩০ বলে ৫৬ রান করেন।

তাদের বিদায়ের পর শান মাসুদ ও অ্যাস্টন টার্নার সহজেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। মাত্র ১৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে মুলতান।

ম্যাচে বড় ধাক্কা হয়ে আসে রিশাদ হোসেনের বোলিং। শুরুটা ভালো হলেও পরে ছন্দ হারিয়ে ফেলেন তিনি। এক ওভারে টানা তিন ছক্কাসহ ২৬ রান দেন ফারহানকে। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি এই লেগ স্পিনার।

টানা চার ম্যাচ হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে রাওয়ালপিন্ডিজ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্রুত ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *