
দৈনিক কালান্তর
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: হকারদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় হকাররা। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক হকার অংশ নেন।
হকার আবদুস সালামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দুলাল সাহা।
প্রধান অতিথির বক্তব্যে দুলাল সাহা বলেন, জীবিকার তাগিদে হকাররা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করেন। কিন্তু উচ্ছেদ অভিযান ও পুনর্বাসনের অভাবে তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি বলেন, “একজন গরিব মানুষ রোদ-বৃষ্টি মাথায় নিয়ে জীবিকা নির্বাহ করবে—এটা কোনো অপরাধ নয়। অনেক হকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, পরে সেই ঋণের বোঝা তাদের জীবনে আরও চাপ সৃষ্টি করে।”
দুলাল সাহা আরও বলেন, হকাররা জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না; তারা সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে চান। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে।
হকারদের সমস্যা সমাধানে দ্রুত একটি গোলটেবিল বৈঠকের আয়োজনের দাবি জানান তিনি। এতে জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের প্রশাসক, সংশ্লিষ্ট সংসদ সদস্য এবং হকার প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে হকাররা তাদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।