
দৈনিক কালান্তর
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুসরাত জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলাজার হোসেন, উসমান গনি মল্লিক মাখনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে আউশ ধানের আবাদ বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।