যুদ্ধবিরতি হলেও জ্বালানিসংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

দৈনিক কালান্তর
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও বৈশ্বিক জ্বালানিসংকট অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ সংকট মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শুক্রবার নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে (আইওসি) বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে এক অস্থির সময় পার করছে, যেখানে জ্বালানিসংকট দেশগুলোর অর্থনীতি ও সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা ও সম্পদের যৌথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তার কাঠামো পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং উন্নয়ন অর্জন ধরে রাখার কৌশল নির্ধারণ জরুরি হয়ে পড়েছে।

এমএসএমই খাতে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) বিস্তারের মাধ্যমে জেলা ও উপকূলীয় অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম জোরদার করা সম্ভব হবে। এতে স্থানীয় উদ্ভাবন বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত হবে।

প্রযুক্তি ও তরুণদের সম্ভাবনা

ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এ সুযোগ কাজে লাগিয়ে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে হবে।

আঞ্চলিক সহযোগিতার আহ্বান

তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিদ্যমান সহযোগিতা কাঠামো নতুন করে মূল্যায়ন করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চল জ্বালানিসংকটসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *