মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

নিখোঁজের পর ভুট্টাক্ষেতে মিলল হাত-পা বাঁধা দেহ, এলাকায় উত্তেজনা

জনপদের খবর
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গণপিটুনিতে দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত শিশু আতিকা আক্তার (৭) ওই গ্রামের দুদুল মিয়ার মেয়ে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে খেলছিল আতিকা। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির সন্ধান চাওয়া হয়।

একপর্যায়ে আতিকার এক স্বজন জানান, তাকে প্রতিবেশী কিশোর নাঈম (১৫)-এর সঙ্গে দেখা গেছে। পরে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে একটি ভুট্টা ক্ষেতের দিকে নিয়ে যায়। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ওই ক্ষেত থেকে আতিকার মরদেহ উদ্ধার করা হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা নাঈমের বাড়িতে হামলা চালায় এবং তার স্বজনদের মারধর করে।

এ ঘটনায় নাঈমের বাবা পান্নু ও চাচা ফজলু রহমান বাবু গণপিটুনিতে নিহত হন বলে ধারণা করা হচ্ছে। আহত হয়েছেন নাঈমের ভাই নাজমুল, যাকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, “নিখোঁজের পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা তিনজনকে গণপিটুনি দেয়, এতে দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *