হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে শ্রমিক দল নেতা সামাদ ভুঁইয়া ও তার বাড়ির ভাড়াটিয়াসহ চার মাদক কারবারি গ্রেফতার। জানা গেছে, শ্রমিক দল নেতা আশুলিয়া থানা কার্যকরী সভাপতি মো. সামাদ ভূঁইয়া (৫২), বগুড়া জেলার গাবতলী থানার বেলতলা এলাকার মৃত আকরামুলের ছেলে এবং সামাদ ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সান্নান বাবু (৪২), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার উত্তর কাওন্নারা এলাকার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. কবির হোসেন (৩৭), একই থানার সাটুরিয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. আলামিন (৩৮)। ডিবি পুলিশ জানায়, শুক্রবার (৩ এপ্রিল ২০২৬ইং) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পেশাদার মাদক কারবারি ও শ্রমিকদল নেতা সামাদ ভূঁইয়া এবং তার বাড়ির ভাড়াটিয়া সান্নান বাবুকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। অপরদিকে শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে এসআই শাহাদাৎ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধামরাইয়ের জগৎনগর এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারি কবির হোসেন ও আলামিনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তাদের মধ্যে কবির হোসেনের বিরুদ্ধে চারটি ও আলামিনের বিরুদ্ধে দুইটি মাদক মামলাসহ অন্যান্য মামলা রয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি পুলিশ।