কক্সবাজারের ঈদগাঁওয়ে বার্মিজ গরুসহ পিকআপ জব্দ, পাচারকারী চক্রের চালক আটক

জনপদের খবর

কক্সবাজার প্রতিনিধি

তারিখ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | সময়: রাত ১০:০০

কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে অবৈধপথে পাচার করে আনা ১০টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং সিরাজুল ইসলাম (২৫) নামে ওই গাড়ির চালককে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) ভোররাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানা পুলিশ।

আটক সিরাজুল ইসলাম জেলার রামু উপজেলার কাউয়ার খোপ এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অজ্ঞাতনামা আরও দুই পাচারকারী রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্ত থেকে অবৈধভাবে নিয়ে আসা এই গরুবাহী পিকআপটি ঈদগাঁও গরুর বাজার এলাকার একটি অবৈধ আড়তের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে পুলিশ।

ভোররাতের একপর্যায়ে রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা সন্দেহভাজন ওই পিকআপটি চেকপোস্টের কাছাকাছি এলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। গাড়ি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে অবৈধভাবে নিয়ে আসা ১০টি গরু পাওয়া যায়। সাথে সাথে চালক সিরাজুলকে হাতেনাতে আটক করা হয়। তবে তার দুই সহযোগী মুহূর্তের মধ্যে সেখান থেকে সটকে পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক সিরাজুল ইসলাম স্বীকার করেছেন যে, বৈধ কোনো কাগজপত্র ছাড়াই শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো ঈদগাঁও বাজারে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গণমাধ্যমকে জানান, চোরাচালানের এই ঘটনায় আটক চালক এবং পলাতক অজ্ঞাতনামা আরও দুই আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *