কুমিল্লার হোমনায় প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জনপদের খবর

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি

তারিখ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ | সময়: রাত ০৯:৩০

হোমনা (কুমিল্লা): কুমিল্লার হোমনায় একটি প্রাইভেটকারে বিশেষ কায়দায় মাদক পরিবহনের সময় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. গিয়াস উদ্দিন (৩৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোমনা-টু-মেঘনা সড়কের মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে হোমনা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. গিয়াস উদ্দিন পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার ভাজরা সরকার বাড়ি গ্রামের শুক্কুর আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারে করে মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে হোমনা-টু-মেঘনা সড়কে নজরদারি বাড়ায় পুলিশ। একপর্যায়ে হোমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইছমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মুন্সীকান্দি মাথাভাঙ্গা এলাকায় নিরঞ্জন শীলের বাড়ির সামনের রাস্তায় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালকের আসনে থাকা মাদক কারবারি গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক আসামিকে গ্রেপ্তার এবং পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার বিকেলেই তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *