
জনপদের খবর
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ঘড়ির কাঁটায় রাত ২টা ৫৫ মিনিট। চারদিকে নীরবতা নেমে এলেও রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে তখনও চলছে কর্মচাঞ্চল্য। গভীর রাতেও বিরামহীনভাবে চলতে থাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম।
সূত্র জানায়, শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকারে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় ধরে প্রতিটি প্রার্থীর যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাংগঠনিক ভূমিকা খুঁটিয়ে দেখেন তিনি।
সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। এছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও সার্বিক কার্যক্রমে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ত্যাগী ও সক্রিয় নারী নেত্রীদের মূল্যায়নে গুরুত্ব দিতেই দীর্ঘ সময় ধরে এই যাচাই-বাছাই চলছে।
গুলশান কার্যালয় ঘিরে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক অবদান এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন দলীয় প্রধানের সামনে। গভীর রাত পর্যন্ত প্রার্থীদের উপস্থিতিতে মুখর ছিল পুরো কার্যালয় এলাকা।
দলীয় নেতারা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি বাছাইয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই লক্ষ্যেই এই ম্যারাথন সাক্ষাৎকার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের দীর্ঘ ও সরাসরি সাক্ষাৎকার প্রক্রিয়া দলীয় মনোনয়নকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে সহায়ক ভূমিকা রাখবে।