বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী মরক্কো দল ঘোষণা: কাতার খেলা ৯ তারকার সাথে চমক ১৮ বছর বয়সী বুয়াদ্দি

জনপদের খবর

স্পোর্টস ডেস্ক

তারিখ: বুধবার, ২৭ মে, ২০২৬ | সময়: সকাল ০৯:৫৭

খেলার খবর: আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে মরক্কো জাতীয় ফুটবল দল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া দলটির নয়জন অভিজ্ঞ তারকাকে রেখেই নিজের প্রথম বড় টুর্নামেন্টের জন্য দল সাজিয়েছেন মরক্কোর নতুন প্রধান কোচ মোহামেদ ওয়াহবি। অভিজ্ঞতার সাথে তরুণ প্রতিভার দুর্দান্ত সমন্বয়ে গড়া এই দল নিয়ে ইতোমধ্যেই অ্যাটলাস লায়ন্সদের সমর্থকদের মধ্যে বাড়ছে ব্যাপক উচ্ছ্বাস।

গত মার্চে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মরক্কোকে শিরোপা জেতানোর কারিগর ছিলেন ওয়াহবি। বয়সভিত্তিক দলে সেই অসাধারণ সাফল্যের পর এবার সিনিয়র দল নিয়েও বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছেন তিনি।

কাতার বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করা স্কোয়াডের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য যথারীতি এবারের দলেও নিজেদের জায়গা ধরে রেখেছেন। দলের ভরসা হয়ে আছেন বিশ্বমানের গোলরক্ষক ইয়াসিন বুনু, পিএসজি তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি, নাইয়েফ আগুয়ের্দ এবং মাঝমাঠের প্রাণভোমরা সোফিয়ান আমরাবাতসহ আরও কয়েকজন পরীক্ষিত ফুটবলার।

১৮ বছর বয়সী বুয়াদ্দি বড় চমক, বাদ পড়লেন বৌফাল

এবারের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন মাত্র ১৮ বছর বয়সী তরুণ মিডফিল্ডার আয়ুব বুয়াদ্দি। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে খেলার সুযোগ থাকলেও নাড়ির টানে শেষ পর্যন্ত জন্মভূমি মরক্কোকেই বেছে নিয়েছেন এই উদীয়মান তারকা।

তরুণ এই মিডফিল্ডারকে নিয়ে কোচ ওয়াহবি গণমাধ্যমের কাছে নিজের মুগ্ধতা প্রকাশ করে বলেন, “বুয়াদ্দি খুব দ্রুত সবকিছু শেখে এবং মানিয়ে নিতে পারে। তার মধ্যে অসাধারণ ফুটবলীয় সম্ভাবনা রয়েছে, যা বিশ্বকাপে আমাদের দলের জন্য দারুণ কাজে আসবে।”

অন্যদিকে, দল ঘোষণার পর সবচেয়ে আলোচিত বাদ পড়ার ঘটনাটি হলো অভিজ্ঞ ফরোয়ার্ড সোফিয়ান বৌফালের স্কোয়াডে জায়গা না পাওয়া। এ প্রসঙ্গে কোচ ওয়াহবি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান দলের আক্রমণভাগে প্রচুর মানসম্পন্ন খেলোয়াড় থাকায় প্রচণ্ড প্রতিযোগিতা তৈরি হয়েছে, যে কারণে বৌফালকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট।

এক নজরে মরক্কোর ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

  • গোলরক্ষক: ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, রেদা তাগনাউতি।
  • রক্ষণভাগ: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেলাম্মারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি, নাইয়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, রেদোয়ানে হালহাল, ইসা দিয়প।
  • মধ্যমাঠ: সামির এল মুরাবেত, আয়ুব বুয়াদ্দি, নিল এল আইনাউই, সোফিয়ান আমরাবাত, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমাইল সাইবারি।
  • আক্রমণভাগ: আব্দে এজ্জালজুলি, শেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন, আয়ুব আমাইমুনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *