বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণ তদন্তাধীন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

প্রতিবেদন পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস

জনপদের খবর
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার।

সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস তার প্রশ্নে অভিযোগ করেন, গত ১৬ বছরে প্রশাসনে ব্যাপক দলীয়করণ হয়েছে। তিনি জানতে চান, ওই সময়ে কতজন বিসিএস ক্যাডারকে বরখাস্ত, বাধ্যতামূলক অবসর বা ওএসডি করা হয়েছে।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদন্ত চলমান রয়েছে।

সরকার এ বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *