জনপদের খবর ডেস্ক: তীব্র সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর বিকিরণ সুরক্ষাবলয় অতিক্রম করে বিপুল পরিমাণ অতি উচ্চশক্তির ইলেকট্রন কণা ভেতরে প্রবেশ করেছে। এর ফলে পৃথিবীর অভ্যন্তরীণ বিকিরণ বলয়ে এসব ইলেকট্রনের ঘনত্ব স্বাভাবিক সময়ের তুলনায় ৫ হাজার গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। মহাকাশে অবস্থানরত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এবং নভোচারীদের নিরাপত্তার জন্য এটি একটি গুরুতর হুমকি তৈরি করতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা।
‘জি-৫’ সৌরঝড় ও অ্যারাস স্যাটেলাইটের পর্যবেক্ষণ গত ২৬ অক্টোবর ‘জিওফিজিক্যাল রিসার্চ লেটারস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। গবেষকদের মতে, মূলত ২০২৪ সালের মে মাসে আঘাত হানা অত্যন্ত প্রবল ‘জি-৫’ মাত্রার এক ভূ-চৌম্বকীয় ঝড়ের জেরেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রচণ্ড সৌরশিখা বা সোলার ফ্লেয়ার এবং করোনাল মাস ইজেকশনের ফলে সৃষ্ট ওই ঝড় থেকে সরাসরি পৃথিবীমুখী আধানযুক্ত কণার প্রবল স্রোত ধেয়ে এসেছিল।
২০১৭ সাল থেকে পৃথিবীর চারপাশের বিকিরণ বলয় নিয়ে কাজ করছে জাপানের ‘অ্যারাস’ স্যাটেলাইট। এই স্যাটেলাইটের পাঠানো দীর্ঘমেয়াদি উপাত্ত বিশ্লেষণ করেই বিজ্ঞানীরা ঘটনাটির বিস্তারিত জানতে সক্ষম হয়েছেন।
‘কিলার ইলেকট্রন’ ও পাল্টে যাওয়া বৈজ্ঞানিক ধারণা পৃথিবীকে ঘিরে থাকা বৈদ্যুতিক আধানযুক্ত কণার দুটি বলয় ‘ভ্যান অ্যালেন বিকিরণ বলয়’ নামে পরিচিত, যা মূলত গ্রহের চৌম্বকক্ষেত্রের মাধ্যমে ধরে রাখা হয়। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের বিশ্বাস ছিল যে ভেতরের বলয়টি এক ধরনের অপ্রতিরোধ্য ঢাল হিসেবে কাজ করে এবং উচ্চশক্তির ধ্বংসাত্মক ইলেকট্রনকে পৃথিবীর নিকটবর্তী হতে দেয় না। ক্ষতিকর সক্ষমতার কারণে এ ধরনের উচ্চশক্তির কণাকে ‘কিলার ইলেকট্রন’ বা ঘাতক ইলেকট্রন বলা হয়ে থাকে।
তবে মে মাসের ওই প্রবল ভূ-চৌম্বকীয় ঝড় পৃথিবীর প্লাজমাস্ফিয়ারকে সংকুচিত করে দিয়ে প্রচলিত সেই ধারণাকে অকার্যকর প্রমাণ করেছে। পর্যবেক্ষণে দেখা যায়, প্রায় ২৪ ঘণ্টা ধরে ধাপে ধাপে ইলেকট্রনের মাত্রা বাড়তে থাকে—প্রথমে তুলনামূলক কম শক্তির কণা দেখা গেলেও পরে তা উচ্চশক্তিতে রূপ নেয়। এর অর্থ হলো, কণাগুলো বাইরের বলয় থেকে ভেতরে ঢোকেনি, বরং ভেতরের বলয়েই এগুলোর শক্তি বহুগুণ বেড়েছে।
প্লাজমাস্ফিয়ারে শীতল প্লাজমার ঘাটতি তৈরি হওয়ায় সেখানে ‘কোরাস ওয়েভ’ নামের এক বিশেষ বিদ্যুৎ-চৌম্বকীয় তরঙ্গ তৈরির অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এই তরঙ্গের প্রভাবেই ইলেকট্রনগুলো প্রায় আলোর গতির কাছাকাছি বেগে ছুটতে শুরু করে এবং প্রায় তিন মেগাইলেকট্রনভোল্ট শক্তিতে পৌঁছায়। অত্যন্ত ভেদনক্ষম এসব কণা স্যাটেলাইটের সুরক্ষা আবরণ ভেদ করে সংবেদনশীল যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করতে পারে, কমাতে পারে মহাকাশযানের কার্যকাল এবং নভোচারীদের জন্য মারাত্মক বিকিরণজনিত স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
তথ্যসূত্র: জিওফিজিক্যাল রিসার্চ লেটারস / বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক





















