হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, জনপদের খবর: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় সরকার ও সাধারণ মানুষ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে তাদের নিজস্ব ভাষাতেই জবাব দেওয়া হবে, তবে তা অবশ্যই দেশের প্রচলিত আইন ও গণতান্ত্রিক নিয়মনীতির মধ্য থেকেই। সন্ত্রাস ও অস্থিতিশীলতা তৈরি করে জনগণকে জিম্মি করার চেষ্টা করলে তা বড় ভুল হবে বলেও উল্লেখ করেন তিনি।
গণতন্ত্র ও জানমালের নিরাপত্তায় আপসহীন অবস্থান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।
বক্তব্যে প্রিন্স বলেন, পরিকল্পিতভাবে দেশে অরাজকতা তৈরির অপচেষ্টা রাজনৈতিকভাবে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে প্রতিহত করা হবে। গণতান্ত্রিক পরিবেশের সুযোগ নিয়ে কাউকে গণতন্ত্র ধ্বংস করতে দেওয়া হবে না; সাধারণ মানুষের জানমাল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে রুখে দিতে তিনি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
আধিপত্যবাদবিরোধী বক্তব্য ও ৩৫ কিলোমিটার মোটরসাইকেল শোভাযাত্রা আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তাঁরা আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হচ্ছেন এবং বাংলাদেশকে পুনরায় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চান। কিন্তু রক্ত দিয়ে স্বাধীনতা অর্জনকারী এই জাতি ঘসেটি বেগমদের মতো চক্রান্তকারীদের মাধ্যমে কোনো বিদেশি শক্তির আধিপত্য আর কখনোই মেনে নেবে না।
সমাবেশ শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি হালুয়াঘাট পৌর শহর, সদর ইউনিয়নের শাপলা বাজার ও কদমতলী বাজার হয়ে সীমান্তবর্তী গাঙিনা, দর্শা, ইটাখোলা, নগুয়া, ধারা বাজার, নাগলা বাজার ও সরচাপুরসহ প্রায় ৩৫ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। কর্মসূচিতে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র: হালুয়াঘাট প্রতিনিধি / অনলাইন ডেস্ক





















